বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
শিক্ষকতার মহান পেশায় দীর্ঘদিনের অবদান শেষে অবসর নেওয়া শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাগমারা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতি। এ উপলক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা সদরে অবস্থিত সমিতির কার্যালয়ে এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজনু মহাম্মাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচারী কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সালাম, সাংগঠনিক সম্পাদক ও গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, চান্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী মোল্লাহ, মীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারসহ সমিতির নেতৃবৃন্দ। এ সময় সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়কালে অবসর গ্রহণকারী সমিতির সদস্যভুক্ত মোট ২৪ জন শিক্ষক ও কর্মচারীর মাঝে চেক বিতরণ করা হয়। এর মধ্যে প্রধান শিক্ষক ২ জন, সহকারী প্রধান শিক্ষক ১ জন, সহকারী শিক্ষক ১৬ জন, অফিস সহকারী ১ জন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ৪ জন রয়েছেন। তাঁদের মাঝে সর্বমোট ২২ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বক্তারা বলেন, অবসর-পরবর্তী সময়ে শিক্ষকদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমিতির তহবিল থেকে প্রদত্ত এই আর্থিক সহায়তা অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য একদিকে যেমন সম্মাননার প্রতীক, অন্যদিকে তেমনি আর্থিক স্বস্তিরও উৎস।
উল্লেখ্য, শিক্ষক ও কর্মচারীদের নিয়মিত বার্ষিক চাঁদার অর্থে গড়ে ওঠা এ কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সদস্যদের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।