
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:-
রাজশাহী মহানগরীর ২৯নং ওয়ার্ডের খোজাপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোঃ মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার(১৪ ফেব্রুয়ারি) রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় গোরস্তানের প্রাচীর সংলগ্ন রাস্তায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৮টায় মোস্তফা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। খোজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন নির্জন রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার ডান পায়ে বিদ্ধ হয়।
গুলিবিদ্ধ হওয়ার পরপরই প্রচণ্ড রক্তক্ষরণে মোস্তফা জ্ঞান হারিয়ে ফেলেন। এর ফলে ঘাতকদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘাতকরা কারা এবং কেন এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানায়, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই ঘটনার পর খোজাপুর ও সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।