
নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মো. আব্দুল বারীর সফল নেতৃত্ব ও আগামী দিনের দায়িত্ব পালনে কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বালানগর কামিল মাদ্রাসা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে নবনির্বাচিত এমপির সুস্বাস্থ্য, ন্যায়ভিত্তিক নেতৃত্ব এবং বাগমারার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করা এবং জনকল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নে সফলতা লাভের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা জানানো হয়।
বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, খোরশেদ আলম ও আশরাফুজ্জামান প্রমুখ।
আয়োজক শ্রমিক নেতা আকবর আলী বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা থেকেই এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।