
বাগমারা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোটের রাজনীতিতে পরিবর্তনের আভাস মিলছে। একসময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তাহেরপুর পৌরসভা এলাকা বর্তমানে রাজনৈতিক পালাবদলে জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে চলে আসছে বলে মনে করছেন স্থানীয়রা। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী সরদার।
প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে।তারই অংশ হিসেবে রবিবার, ২৫ জানুয়ারি তাহেরপুর পৌরসভা এলাকার তাহেরপুর বাজারসহ বিভিন্ন মহল্লায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। বাজার, অলিগলি, পাড়া-মহল্লা ও জনসমাগমপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন ডা. আব্দুল বারী সরদার।
গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও মেহনতি মানুষের সঙ্গে তাঁকে অত্যন্ত সাবলীল ও আন্তরিকভাবে কথা বলতে দেখা যায়। মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, অনিয়ম ও বৈষম্যের অভিযোগ শোনেন তিনি। এ সময় অনেক ভোটার প্রকাশ্যেই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। স্থানীয়দের মতে, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও ইনসাফের রাজনীতির আহ্বান মানুষকে নতুন করে জামায়াতে ইসলামীর প্রতি আকৃষ্ট করছে।
এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ডাঃ আব্দুল বারী বলেন, “বাগমারার মানুষ পরিবর্তন চায়। তারা দুর্নীতি ও দলীয়করণের রাজনীতি থেকে মুক্তি চায়।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে দলীয় পরিচয় বা আত্মীয়তার ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের জন্য সমান সেবা নিশ্চিত করা হবে।
তিনি একটি ইনসাফভিত্তিক সমাজ ও বৈষম্যহীন বাগমারা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ন্যায্য অধিকার আদায় এবং সাধারণ মানুষের মৌলিক সমস্যা সমাধানই হবে তার প্রধান লক্ষ্য।
গণসংযোগকালে তাঁর সঙ্গে বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবেই এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসময় আওয়ামী লীগের প্রভাবশালী এলাকা হিসেবে পরিচিত তাহেরপুরে ডাঃ আব্দুল বারীর এই গণজোয়ার রাজশাহী-৪ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ভোটারদের ভালোবাসা আর জনসমর্থন নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন তিনি।