
মাহাবুর রহমান মনি, বাগমারা
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর প্রথম খেলায় জয়লাভ করায় বাগমারা উপজেলা দলকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ কামাল হোসেন।
বুধবার, ৯ই জুলাই বিকেল ৪ ঘটিকায় মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় শক্তিশালী পবা উপজেলা দলকে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে দলের শুভ সূচনা করে টিম বাগমারা। নির্ধারিত সময়ের খেলায় দু’দলের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করে। এ সময় উভয় দলই ভালো খেলে টুর্নামেন্টে কোনো গোল না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
এরপর টাইব্রেকারেও ৫-৪ গোলের ব্যবধানে শক্তিশালী পবা উপজেলা দলকে পরাজিত করে এগিয়ে যায় বাগমারা দল। টুর্নামেন্টের প্রথম খেলায় এই ঐতিহাসিক জয় পাওয়ায় বাগমারা উপজেলা বিএনপির পক্ষ থেকে টিম বাগমারাকে অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক কামাল হোসেন।
এক বার্তায় অধ্যাপক কামাল হোসেন বলেন, বাগমারা উপজেলা দল নিঃসন্দেহে একটি শক্তিশালী ফুটবল দল সেটি প্রথম দিনেই প্রমাণ করতে সক্ষম হয়েছে বাগমারার কৃতি ফুটবলাররা। আশা করি, বাগমারা উপজেলা দলের প্রথম জয় দলকে আরো উজ্জীবিত ও অনুপ্রাণিত করে সামনের খেলা গুলোতে জয় পাওয়ায় ব্যাপারে সহায়ক হবে। তাই উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি বাগমারা টিমকে নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবো ইনশাআল্লাহ।
উক্ত খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাগমারার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুবুল ইসলাম। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দও উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
উল্লেখ্য যে, রাজশাহীর ১০ উপজেলার অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হয় গতকাল ৮ জুলাই, মঙ্গলবার। রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর।