নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর, ভবানীগঞ্জ পৌরসভা, বেসরকারি এনজিও বাসনা জনকল্যাণ সংস্থা এবং ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম ভুঞা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আইন শাখার কর্মকর্তা আফরোজা আইরিন, গ্রাম আদালতের সমন্বয়কারী রবিউল ইসলাম ও নারায়ণ চন্দ্র অধিকারী এবং ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিনা ইসলাম।
বক্তারা নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে সমাজের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।