
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় পারিবারিক কলহের জেরে এক পাষণ্ড স্বামী তার স্ত্রীর মুখের ভেতর ক্ষতিকর রাসায়নিক ঢেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় ঐ গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গতকাল ৬ এপ্রিল রোববার উপজেলার নরদাশ ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ওই নারীর নাম আসমানি খাতুন (২৮)। আর তাঁর স্বামী রশিদুল ইসলাম (৩৫)। তাঁদের বাড়ি চণ্ডীপুর গ্রামে। উক্ত ঘটনার পর থেকে স্বামী রশিদুল পলাতক রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে আসমানির সঙ্গে প্রতিবেশী রশিদুলের বিয়ে হয়।
চণ্ডীপুর গ্রামেই উভয়ের স্থায়ী নিবাস।বিস্কুট ফ্যাক্টরিতে কাজের সুবাদে রাজশাহী শহরে ভাড়া বাসায় থাকতেন আসমানি। সেখানে বাসাভাড়ার জন্য টাকা চাওয়ায় আসমানির ওপর ক্ষিপ্ত হন স্বামী রশিদুল। গতকাল দুপুরে শ্বশুরবাড়িতে গিয়ে আসমানির কাছে এ বিষয়ে কৈফিয়ত চান। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে ‘ড্যামফিক্স’ নামের তরল রাসায়নিক (পরিস্কারক) স্ত্রীর মুখে ঢেলে দেন রশিদুল। সে আগেই একটি বোতলে ওই রাসায়নিক নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিল। এরপর দ্রুত সেখান থেকে সটকে পড়ে রশিদুল। পরে অসুস্থ আসমানিকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।গতকাল রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে গিয়ে আসমানিকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। পাশে বসে মা মালেকা বিবি মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।
এ সময় আসমানির গালের ডান পাশ ও জিহ্বায় কালো দেখা যায়। চিকিৎসক জানান, ‘রাসায়নিকের প্রভাবে এই মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে। ওয়াশ করার তো উপায় নাই। নাড়ি পুড়ে গেছে, স্যালাইন চলছে। তার (আসমানি) শারীরিক অবস্থা ততটা ভালো নয়।’
এ ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে তিনি বিষয়টি জেনেছেন। ঘটনার পর থেকে রশিদুল পলাতক। তাঁকে ধরার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।