
গ্রামবাংলা নিউজ:
মুন্সীগঞ্জের গজারিয়ায় বহুল আলোচিত শুটার মান্নান, হৃদয় বাঘ ও জয় হত্যাকাণ্ডের প্রধান আসামি লালু বাহিনীর প্রধান লালুসহ চারজনকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আটক করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, আটককৃত প্রধান আসামি লালু গজারিয়া উপজেলার হোগলাকান্দি এলাকার বাসিন্দা মোহাম্মদ মনিরের ছেলে। তার বিরুদ্ধে শুটার মান্নান, হৃদয় বাঘ ও জয় হত্যা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
আটক অপর তিনজন হলেন— জয় হত্যা মামলার আসামি জসিম, আলাউদ্দিন ও সাকিল। তারা সবাই গজারিয়া উপজেলার চৌদ্দ কাহনিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সম্প্রতি আলোড়ন সৃষ্টিকারী পুলিশ ক্যাম্পে হামলার ঘটনার মামলাতেও প্রধান আসামি হিসেবে লালুর নাম রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে লালু বাহিনীর সর্দার হিসেবে পরিচিত এই লালুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস ও অস্ত্র মামলাসহ ২৩ টিরও বেশি মামলা রয়েছে।
র্যাব জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে ।