
গ্রামবাংলা নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মিনারকোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধ শতাধিক নেতা-কর্মী জামায়াতে যোগদান করেছেন। শনিবার বিকাল সাড়ে ৪টায় মিনারকোট ৪নং ওয়ার্ড আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা–আখাউড়া আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার।
সমাবেশে তিনি বলেন, “ইসলাম এসেছে বিজয়ের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় হবেই ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়বো।” তিনি আরও বলেন, দেশের জনগণ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদককারবারীদের প্রত্যাখ্যান করবে এবং আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের পক্ষে রায় দিবে।
বিশিষ্ট সমাজসেবক শিশু ভুইয়ার সভাপতিত্বে এবং ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, মেজর (অব.) সাইদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আবুল বাসার ভুইয়া, আখাউড়া উপজেলা আমীর ইকবাল হোসেন ভুইয়া।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা উসমান গণি, হেফজু ভুইয়া, বিল্লাল ভুইয়া, দোলন ভুইয়া ও আবুল কালাম।
সমাবেশে মিনারকোটের বিএনপি নেতা শিশু ভুইয়া ও তুলাইশিমুলের হেফজু ভুইয়ার নেতৃত্বে অর্ধ শতাধিক বিএনপি ও জাতীয় পার্টির নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। উপস্থিত নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।