
মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:-
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর কলেজ কেন্দ্রে শুরু হলো ডিগ্রি প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা। নির্দিষ্ট সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে। তাহেরপুর কলেজকে পরীক্ষার একটি অন্যতম কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, তাহেরপুর কেন্দ্রে ধোকড়াকুল কলেজ, পঁচামাড়িয়া কলেজ, পঙ্গু শিশু নিঃ কলেজ, ভবানীগঞ্জ কলেজসহ আশেপাশের বেশ কয়েকটি কলেজ ডিগ্রি প্রথম বর্ষের ২৫২ জন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।
নকলমুক্ত ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কেন্দ্রে অতিরিক্ত হল পরিদর্শক ও কক্ষ পরিদর্শক নিয়োগ করা হয়েছে। কেন্দ্রে প্রবেশের আগে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীদের তল্লাশি করা হয়।
মোবাইল নিষিদ্ধ, পরীক্ষা হলে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
তাহেরপুর কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম জানিয়েছেন, পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীরা স্বচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন।
পরীক্ষা শেষে বেশ কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রশ্নপত্র তাদের প্রত্যাশা অনুযায়ী হয়েছে এবং তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।