এম কে হীরা মানিক, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত ও মা ও মেয়ে আহত হয়েছেন।শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে সারিয়াকান্দি – বগুড়া প্রধান সড়ক হাটফুলবাড়ি কাঠালতলা নামক ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের সিএনজির চালক শুকুর আলী (৪০), গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮) ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৬)। আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রুপা মনি দাস (১২)
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল ও তার ছেলে বিপ্লবের মৃত্যু হয়। আহত মমতা রানী ও রুপা মনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবেপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে বিপুল পরিবার নিয়ে শ্বশুরবাড়ি আসছিলেন। ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় নেমে অটোরিকশা যোগে নারচী গ্রামে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।