গ্রাম বাংলা নিউজ ডেস্ক:
চাঁদপুর সদরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় রাহেলা আক্তার শান্তা (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেলা আক্তার শান্তা সদর উপজেলার বড় শাহতলী এলাকার বাসিন্দা শামসুল হুদা মুন্সির মেয়ে। তিনি জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি আইদি পরিবহনের বাস রাহেলাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় বিকেল আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বাবা শামসুল হুদা মুন্সি বলেন,
“আমার মেয়ে ঘোষেরহাট এলাকায় গেলে আইদি বাস তাকে চাপা দেয়। আমি এই দুর্ঘটনার জন্য দায়ী বাসচালকের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন,
“কলেজছাত্রীর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।