
গ্রাম বাংলা নিউজ ডেস্ক
রাজশাহীর বাগমারা উপজেলায় মাছ ধরার সময় বিলের পানিতে ডুবে বিপুল (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মধুপুর-দেউলিয়া কাদার বিলে সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে মাছ ধরছিলেন বিপুলসহ কয়েকজন মৎস্যজীবী। পানির নিচে জাল ঠিক করার জন্য বিপুল ডুব দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি আর উপরে উঠে আসেননি।
সাথে থাকা সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে প্রায় ৩০ মিনিট ধরে খোঁজাখুঁজি করেন। অবশেষে বিপুলকে পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত বিপুল বাসুপাড়া ইউনিয়নের বাসুপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম বয়েন উদ্দিন। এই অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বিপুল ছিলেন পরিবারের একজন কর্মঠ সদস্য। তাঁর এমন মৃত্যু কারও কল্পনাতীত।