
মোঃ আতাউর রহমান
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশ পরিচয়ে ফোন করে টাকা দাবি করার একটি চাঞ্চল্যকর প্রতারণার চেষ্টা ঘটেছে। বুধবার (৬ মে) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে বিলাল হোসেন নামে এক ব্যক্তির মোবাইলে 09658320453 নম্বর থেকে একটি কল আসে।
কলকারী নিজেকে বাগমারা থানার একজন এসআই পরিচয় দিয়ে জানায়, তার ছেলেকে মাদকসহ আটক করা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে। তাকে দ্রুত ছাড়াতে হলে ৩০ হাজার টাকা বিকাশে পাঠাতে হবে, অন্যথায় কোর্টে চালান করা হবে বলে হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে প্রতারক একটি বিকাশ নম্বর (01403494155) প্রদান করে ১০ মিনিটের মধ্যে টাকা পাঠানোর জন্য চাপ প্রয়োগ করে। এমনকি বিষয়টি কাউকে না জানাতে এবং লাইনে থেকেই টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
তবে পরিস্থিতি বুঝে বিলাল হোসেন কৌশলে ফোন কেটে দেন এবং সঙ্গে সঙ্গে তার ছেলের বিদ্যালয়, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন। পরে নিশ্চিত হন যে তার ছেলে সম্পূর্ণ নিরাপদে রয়েছে।
এ ঘটনায় বড় ধরনের প্রতারণা থেকে রক্ষা পান তিনি।
এ ধরনের ফোন কল পেলে আতঙ্কিত না হয়ে প্রথমে সত্যতা যাচাই করুন। মনে রাখবেন—পুলিশ কখনো ফোনে টাকা দাবি করে না।