
নিজস্ব প্রতিবেদক, বাগমারা রাজশাহী:-
এসো উড়াই ঘুড়ি, রঙের ভেলায় ভাসি—এই চমৎকার স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারার হাসনিপুর ঐতিহাসিক মদন বিলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ঘুড়ি মেলা-২০২৬। পবিত্র ঈদ-উল-আজহার আনন্দের রেশ ধরে ঈদের তৃতীয় দিন এই বর্ণিল মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় খেলাধুলা আনন্দ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে, গতকাল শনিবার (৩০ মে) বিকাল ৪টায় এক জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঐতিহাসিক মদন বিলের এই বিশাল আয়োজনের মূল দায়িত্বে ছিল স্থানীয় সামাজিক সংগঠন হাসনিপুর ইয়াং স্টার ক্লাব।
বর্ণিল আয়োজনে, এবারের মেলার প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো এবং গ্রামবাংলার বিলুপ্তপ্রায় লাঠি খেলা। ঈদের আমেজে মেতে ওঠা হাজারো দর্শক এই দুটি ইভেন্ট দারুণভাবে উপভোগ করেন। লাঠি খেলায় ঢোল ও বাঁশির মোহনীয় তালে তালে লাঠিয়ালরা তাদের চমৎকার নৈপুণ্য ও রণকৌশল প্রদর্শন করেন। বাদ্যের তালে খেলোয়াড়দের লাঠির কসরত উপস্থিত দর্শকদের ভীষণভাবে বিমোহিত করে।
আকাশে নানান রঙের ঘুড়ি উড়ান খেলোয়াররা, নানান নকশার ঘুড়িতে আকাশ যেন এক রঙের ভেলায় পরিণত হয়েছিল।
বিকেলে হাসনিপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নং গনিপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান রঞ্জু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক।মোঃ আব্দুল রাজ্জাক, মোঃ আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান রঞ্জু বলেন, আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হাসনিপুর ইয়াং স্টার ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ঈদ-উল-আজহার এই আনন্দের দিনে লাঠি খেলা ও ঘুড়ি মেলা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড় ও ঘুড়ি বাহকদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। আয়োজন সফলভাবে সম্পন্ন করায় হাসনিপুর ইয়াং স্টার ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপস্থিত এলাকাবাসী।