বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে পুকুর ও কৃষিজমির মাটি খনন ও বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১টা থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা।
এসময় বাগমারা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, এদিন দুটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানটি পরিচালিত হয় গোবিন্দপাড়া ইউনিয়নের বানইল বাজার সংলগ্ন এলাকায়। দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে কৃষিজমির মূল্যবান টপসয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্ট দুষ্কৃতকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে থাকা একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন স্পটেই অকেজো করে দেওয়া হয়।
পরবর্তীতে বিকাল ৩টা থেকে শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখানেও একই ধরনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে কৃষিজমির টপসয়েল কাটায় ব্যবহৃত একটি ভেকু মেশিন স্পটে অকেজো করা হয়।
এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষায় অবৈধভাবে টপসয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।