
গ্রাম বাংলা নিউজ ডেস্ক:
রাজশাহীর বাগমারায় এক স্কুল ছাত্রীর শরীরের স্পর্শ কাতর স্থানে স্পর্শ করার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩০) নামের এক যুবকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫ ইং উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এক মাসের বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে নগদ অর্থ জরিমানা আদায় করে। অভিযুক্ত যুবক আঃ রাজ্জাক মুগাইপাড়া গ্রামের আনিসার রহমানের ছেলে।
মঙ্গলবার বিকেল তিনটায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই রায় প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া বাজারের একটি কোচিং সেন্টার থেকে দুপুরে বাসায় ফেরার পথে অভিযুক্ত আব্দুর রাজ্জাক হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঐ শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন তিনি। এসময় ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত আঃ রাজ্জাক উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে দন্ডবিধির ৫০৯ ধারায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।