স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১৪ মে বিকেল সাড়ে পাঁচ’টায় অত্র ইউনিয়ন পরিষদের সামনে মাদারীগঞ্জ বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ১১ নং গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, সাবেক মেম্বার আফজাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান মুকুল, মহিলা নেত্রী পিয়ারা বেগম, বিএনপি নেতা টিপু মোল্লা, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, আবু সাঈদ মৃধা, কৃষকদল নেতা মেহেদী হাসান, শাহজাহান সিরাজ, আব্দুর রহিমসহ বিএনপির নেতৃবৃন্দ।
তারা বলেন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান অত্যন্ত সৎ এবং নির্ভেজাল একজন মানুষ। তিনি প্রায় ১৫ বছর ধরে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে রয়েছেন। কোনদিন আমরা দুর্নীতির আলামত পাইনি। কিন্তু দুঃখজনকভাবে একটি কুচক্রী মহল চেয়ারম্যানকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
প্রতিবাদ সভায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু বলেন, শিলাবৃষ্টিতে ত্রাণ বিতরণের যে অভিযোগ আনা হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং আমাকে হেও প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা মানববন্ধন করিয়েছে। এ বিষয়ে আমি ইউএনও মহোদয় কে অবগত করেছি। কৃষি কর্মকর্তারা দুই ঘন্টার মধ্যে তালিকা তৈরি করেছেন। তাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা হয়তো বাদ পড়তে পারেন। কর্মকর্তারা যারা এই তালিকা প্রণয়ন করেছেন তারা ইতোমধ্যে আমার কাছে ভুল স্বীকার করেছেন। সুতরাং আমি বঞ্চিত কৃষকদের জন্য চেষ্টা করে যাচ্ছি, বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবার দেওয়ার চেষ্টা করব।
কিন্তু উদ্দেশ্যে প্রনোদিতভাবে বিএনপিকে আপনারা ভাগ করবেন না। দল এখনো ক্ষমতায় যায়নি, সেজন্য দলের হয়ে সবাই কাজ করুন। সবাই বিতর্কের ঊর্ধ্বে থেকে সুন্দর এবং স্বচ্ছ রাজনীতি করুন। সবশেষ তিনি বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং নিজের পরিবারের জন্য দোয়া চেয়ে সবাই কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য সম্প্রতি গনিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ তুলে গত ১২ মে সোমবার, গণিপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেন কিছু কৃষক এবং বিএনপির নেতৃবৃন্দ। সেই মানববন্ধন থেকে মিথ্যা অপবাদের জেরেই আজ প্রতিবাদ সমাবেশ করা হয়।