
গ্রামবাংলা নিউজ:
“দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপি জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে জেলা কৃষি সম্প্রসারণ ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে। প্রায় শতাধিক বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশী ফল দিয়ে মেলায় ৮টি স্টল সাজানো হয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়।
এ সময় নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন এই মেলার মধ্য দিয়ে দেশীয় জাতের ফলের সাথে সকল শ্রেণিপেশার মানুষ পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত দেশীয় জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবেন। প্রতিদিন একজন পুর্নবয়স্ক মানুষের ১২৫ গ্রাম ফল গ্রহণের নিয়ম। কিন্তু সেখানে ৩০থেকে ৩৫ গ্রাম গ্রহণ করা হচ্ছে। তাই মেলায় আসা দর্শনার্থীরা পুষ্টির চাহিদা পুরণে দেশিয় ফলের গাছ রোপনে যেমন আগ্রহী হবেন তেমনি খুব সহজেই হাতের নাগালে পাওয়া বিভিন্ন দেশীয় ফল খাওয়ার অনুপ্রেরণাও পাবেন।