এম কে হীরা মানিক, সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে এক দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী ইসানুজ্জামান আফিফের পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নিলেন সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটে ডের পক্ষ থেকে সভাপতি সিরাজুল ইসলাম ফুল ও সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা। ছোটবেলা থেকেই আফিফ মেধাবী ছাত্র। কিন্তু পরিবারের অভাব অনটনের কারণে পড়াশোনায় তাকে অনেক বাঁধা পেতে হয়। তারপরও সে থেমে যায়নি। কুপতলা( উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে আফিফ কুপতলা আর্দশ উচ্চ বিদ্যালয় হতে ২০২৪-২০২৫ সেশনে এসএসসি পাস করেন। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আফিফের পরিবারের অভাব অনটনের বিষয় জানতে পেরে ৭ সেপ্টেম্বর রবিবার রাতে সমিতির কার্যালয়ে সমিতির পক্ষ থেকে তার কলেজে ভর্তি, বই, খাতা, কলম ক্রয়ের জন্য নগদ অর্থ দেওয়া হয়। আফিফ নারচী ইউনিয়নের কুপতলা উত্তরপাড়া প্রতিবন্ধী মোখলেছার রহমানের ছেলে। মোখলেছার রহমানের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ছোট্ট একটি পানের দোকানের আয় এবং প্রতিবন্ধী ভাতা দিয়ে সংসার চালান। তিনি সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের একজন সদস্য। তার ছেলে আফিফ খুব মেধাবী। এসএসসি পরীক্ষায় খুব ভালো ফলাফল অর্জন করেছে। তার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে। ডাক্তার হবার স্বপ্ন থাকলেও সংসারের অভাব অনটনের কারণে দুশ্চিন্তায় ভুগছিলেন তার(আফিফের) পরিবার। এই দুশ্চিন্তা লাঘব করতে পরিবারের পাশে তথা আফিফের পড়াশোনার যাবতীয় ব্যয় বহনের দায়িত্ব নিলেন সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদক। বণিক সমিতি এই মানবিক দায়িত্ব নেওয়ায় সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফিফের বাবা-মা। তার বাবা মোখলেছার রহমান জানান, আফিফ পড়াশোনায় খুব মনোযোগী। খুব দুশ্চিন্তায় ছিলাম পড়ালেখার খরচ চালাতে পারবো কিনা। সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লি. এর পক্ষ থেকে এই মহান দায়িত্ব নেওয়ায় অনেক স্বস্তি পেয়েছি।
বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা বলেন, সমিতির পক্ষ থেকে মানবিক কাজ করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। তিনি আরও বলেন, অর্থের অভাবে অনেক মেধাবী ছেলে মেয়ে লেখাপড়া থেকে ঝরে পড়ে যায়। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল বলেন, হতদরিদ্র মোখলেছার রহমান বণিক সমবায় সমিতির সদস্য। জানতে পারি অর্থের অভাবে তার ছোটো ছেলের পড়ালেখার খরচ বহন করতে কষ্ট হচ্ছে। মেধাবী শিক্ষার্থী আফিফের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে পড়ালেখার যে খরচ সমিতির পক্ষ থেকে বহন করা হবে। তিনি আরও বলেন, শুধু আফিফের পরিবার না। সমিতির সদস্যদের ছেলে মেয়েদের মধ্যে যে সকল গরীব মেধাবী শিক্ষার্থী আছে। যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না। তাদের পড়াশোনার ব্যয় বহন করবে বণিক সমিতি।