
গ্রাম বাংলা ২৪ নিউজ ডেস্ক:
রাজশাহীর বাগমারায় স্কুলপড়ুয়া মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাকচালক পিতাকে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গনিপুর ইউনিয়নের হাসনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকচালক রয়েলের স্কুলপড়ুয়া মেয়েকে দীর্ঘদিন ধরে একই গ্রামের মনিরের ছেলে জিদ (১৮) উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জিদের বাবা-মাকে জানানো হলে উল্টো উত্যক্তের মাত্রা আরও বেড়ে যায়। একপর্যায়ে পারিবারিক শাসনের মুখে জিদ গ্রাম ছেড়ে পালিয়ে থাকে। পরে ভোট দেওয়ার অজুহাতে সে পুনরায় গ্রামে ফিরে আসে।
অভিযোগ রয়েছে, ফিরে এসে জিদ তার সহযোগী মৃত আফসারের ছেলে টিকলু (২৮)-কে সঙ্গে নিয়ে রয়েল ও তার পরিবারের বিরুদ্ধে নানা কুৎসা রটাতে থাকে। এ নিয়ে প্রতিবাদ করলে বখাটেরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ট্রাকচালক হওয়ায় রয়েল প্রায়ই বাড়ির বাইরে থাকতেন—সেই সুযোগে জানালা-দরজায় ধাক্কাধাক্কি করা এবং মোবাইল ফোনে বিরক্ত করার ঘটনাও ঘটত বলে পরিবার জানায়।
ঘটনার দিন মোবাইলে কথা আছে বলে কৌশলে রয়েলকে ডেকে নেয় দুষ্কৃতিকারীরা। পরে এলোপাতাড়ি হাতুড়ি ও ইট দিয়ে মাথা ও কাঁধে আঘাত করে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত রয়েল জানান, হামলাকারীরা তার কাছে থাকা মহাজনের দেওয়া ট্রাকের টায়ার কেনার জন্য ১ লাখ ২০ হাজার টাকা ও ভাড়ার আরও ৪০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শী তহুরা, ফরিদা ও আলিয়া জানান, তারা ভিকটিমকে রক্ষা করার চেষ্টা করেন। একপর্যায়ে রয়েল অজ্ঞান হয়ে পড়লে জিদ, টিকলুসহ আরও একজন সেখান থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত জিদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি উত্যক্তের অভিযোগ অস্বীকার করে বলেন, “আগে আমাদের মধ্যে সম্পর্ক ছিল, এখন নেই। আমার মাকে গালি দেওয়াকে কেন্দ্র করে টিকলু কাকার সঙ্গে রয়েলের মারামারি হয়েছে।”
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”