
এম কে হীরা মানিক, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে মনোনয়ন চেয়ে সারিয়াকান্দি পৌর এলাকার বিভিন্ন স্থানে, বাজারে এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন প্রফেসর ড. মো: ছামছুল আলম। ২৯ জুন রবিবার বিকেলে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। তিনি ১৯৫৮ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.এস অতঃপর প্রফেসর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. এমাজ উদ্দিন আহমেদের অধীনে এম.ফিল ও পিএইচডি ডিগি লাভ করেন। তিনি ১৯৮৯ সালে বি.সি.এস (শিক্ষা) ক্যাডারে যোগদান করেন। সরকারি চাকুরীর সুবাদে নানা কলেজে বিভিন্ন মেয়াদে অধ্যাপনা করেন। সরকারি সা'দত বিশ্ববিদ্যালয় কলেজে প্রায় ১৫ বছর অধ্যাপনা করে মহাপরিচালক (শিক্ষা) ঢাকা কার্যালয় থেকে ২০১৭ সালে জানুয়ারি মাসে চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। তার স্ত্রী একজন সাবেক পুলিশ কর্মকর্তা। গণসংযোগ কালে তিনি বলেন, আমার জীবনে অর্থনৈতিক ভাবে চাওয়া পাওয়ার কিছু নেই। দল যদি আমাকে মনোনীত করেন এবং আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে আমার সব কিছু জনগণের মাঝে বিলিয়ে দিবো। তিনি আরও বলেন আমি শতভাগ বিশ্বাস করি দল আমাকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিবেন। আমি নির্বাচিত হলে জনগণের জন্য কাজ করে যাবো। তাই সকল জনসাধারণের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন, মুক্তি মন্ডল, আব্দুর রাজ্জাক, ফজলুল হক ফজলু, নজরুল ইসলাম, ফুলমিয়া মেম্বার ও সাজেদুর রহমান শুভ সহ আরও অনেকে।