এম কে হীরা মানিক সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি পৌর ১ নং ওয়ার্ড হিন্দুকান্দি গ্রামে ফিরোজ মিয়ার বাড়ি ও পাভেল মিয়ার বাড়ি,বাঙ্গালী নদীর কিনারা ঘেষে। টিনশেড বাড়ির বেড়া ঘেঁষে পৌরসভার একটি ড্রেন রয়েছে। ভারী বর্ষণ ও ড্রেনেজ ব্যবস্থা নাজুক অবস্থার কারণে বাড়ি ধসে যাওয়া উপক্রম হয়েছে। ড্রেনের তীব্র পানির চাপে কখন যেন ছোট্ট বাড়িটি নদীতে ধসে যায়। শনিবার (২রা আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর বাম তীরে ব্লক ও জিও ব্যাগ না থাকা ও ভারী বর্ষণ এবং ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থার কারণে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার উপক্রম হয়েছে।
ফিরোজ মিয়া বলেন, সারারাত জেগে থাকি। বৃষ্টি এলে আরও টেনশন বেড়ে যায়। কখন জানি বাড়ি ভেঙ্গে নদীতে পড়ে যায়। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
স্থানীয়রা জানান, ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি, নদীর পাড়ে প্রয়োজনীয় ব্লক বা জিওব্যাগ না থাকা এবং অতিবৃষ্টির কারণে প্রতি বছরই কিছু না কিছু অংশ ভাঙে। এবারও টানা বর্ষণের ফলে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদী ভাঙ্গনরোধে স্থায়ী ভাবে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবীও জানিয়েছেন এলাকাবাসী।
সারিয়াকান্দি পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঐ জায়গা পরিদর্শন করেছি। ভাঙ্গন রোধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে,ভাঙ্গন এলাকায় পরিদর্শন করেছেন বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম পলাশ, সাহাজাত হোসেন পল্টন,ইউনুছ আলী মন্ডল,সেলিম রহমান, কামরুল ইসলাম,উপজেলা জাসাস নেতা মিজানুর রহমান মিলন,ফজলুল হক, হীরা মানিক, মামুন মিয়া,যুবনেতা জুয়েল সরকার রুবেল, সুজন মাহমুদ বাবু সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।