গ্রাম বাংলা ২৪ নিউজ ডেস্ক:
শখের বশে মাছ ধরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেক শিক্ষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা আনসার–ভিডিপি ক্যাম্পের কাছে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম শিব শংকর রায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। জানা যায়, তিনিসহ দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় দূর্ঘটনাস্থলেই মারা যান শিব শংকর রায়। আর গুরুতর আহত অবস্থায় আসাদুজ্জামান বাদশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন দুই শিক্ষক। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
অধ্যাপক ড. শিব শংকর রায় দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষকতা করছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে গুরুতর আহত অধ্যাপক ড. আসাদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক, তাঁর চিকিৎসা চলছে।
এ বিষয়ে নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাবির উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান লিখেছেন, সড়ক দুর্ঘটনায় আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়। স্যারের আত্মার শান্তি কামনা করছি। অপরজন দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সকালে মাছ ধরতে যাওয়ার পথে নওহাটা আনসার ক্যাম্পের অদূরে তারা দুর্ঘটনার কবলে পড়েন।
পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনা ঘটে। মার্কেটিং বিভাগের এক শিক্ষক মারা গেছেন। তার সঙ্গে থাকা দর্শন বিভাগের আরেকজন শিক্ষক বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পর ট্রাকসহ চালক ও তার সহযোগী পালিয়ে যান। তাদের আটকের জন্য আমরা অভিযান শুরু করেছি।