
রিমন মাহমুদ:
বাগমারার ভবানীগঞ্জ ক্লিনিকে দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোঃ আব্দুল বারী সরদার।
নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোঃ আব্দুল বারী সরদার। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তার নিজস্ব চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
জানা গেছে, আজ শুক্রবার সকাল থেকেই বাগমারার ভবানীগঞ্জ বাজারে অবস্থিত 'ভবানীগঞ্জ ক্লিনিকে' রোগী দেখা শুরু করেন তিনি। জুমার নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি দিলেও নামাজ শেষে পুনরায় সেবা প্রদান শুরু করেন। দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়েছে।
ব্যক্তিজীবনে ডা. আব্দুল বারী সরদার মাদরাসা শিক্ষা থেকে উঠে এলেও পরবর্তীতে চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি (এমবিবিএস) অর্জন করেন। গত ৩০ বছর ধরে তিনি অত্যন্ত সুনামের সাথে ভবানীগঞ্জ ক্লিনিক পরিচালনা করে আসছেন। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নির্বাচিত হলে তিনি প্রতি শুক্রবার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেবেন।
সেবা নিতে আসা মাদারিগঞ্জের মোছাঃ শিউলি খাতুন ও চন্ডিপুরের মোঃ ইসহাক আলী জানান, "আমাদের এমপি মহোদয় নির্বাচনের আগে কথা দিয়েছিলেন তিনি প্রতি শুক্রবার বিনামূল্যে চিকিৎসা দেবেন। আজ তার বাস্তবায়ন দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা গর্বিত যে এমন একজন মানুষকে প্রতিনিধি হিসেবে পেয়েছি।"
মানসিংহপুরের মোঃ হাসান আলী বলেন, "জনপ্রতিনিধিরা সচরাচর নির্বাচনের পর দেওয়া কথা ভুলে যান, কিন্তু ডা. বারী তার ব্যতিক্রম। আশা করি এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।"