বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় এতিম শিশু, কুরআনের হাফেজ ও মাদরাসার শিক্ষার্থীদের বৃক্ষ উপহার দিলেন গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স'। রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ এলাকার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনটি এ উপহার দেন।
এসময় শিশুদের মাঝে আম, কাঁঠাল, পেয়ারা, ডালিম, লেবু, তেঁতুল, আমলকি, মেহগনি, জারুল, বহেড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ উপহার দেন। বাগমারার পাহাড়পুর হাফেজিয়া মাদরাসা, মহিলা মাদরাসা, চাঁনপাড়া হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় পাঠাগারের যুবকসহ উপজেলার বিভিন্ন এলাকার ৫০০টি পরিবারের সদস্যদের হাতে বৃক্ষের চারা গুলো উপহার দেয় সংগঠনটি।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) হেলেনা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন "ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স" এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আমানুল্লাহ আমান।
এ সময় সংগঠনটির সিনিয়র সদস্য জুনায়েদ আহমেদ, শাহ সোহানুর রহমান, আবু শুয়াইব আলম সিফাত, সাব্বির রহমান ইমন, আলফা, রাজিয়া সুলতানা, সখিনা খাতুন, নাজিয়া, শাহজামাল মন্ডল, নাজমুল হোসেন, আবু সাঈদ, সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, ব্রাইট লাইফের এ আয়োজন খুবই সময়োপযোগী। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। মাদরাসার ছাত্র-ছাত্রী ও কুরআনের হাফেজদের এসব বৃক্ষ উপহার নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এসব সামাজিক কার্যক্রমে সচেতন ব্যক্তিদের সম্পৃক্ত হওয়া উচিত।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খুবই চমৎকার ও অসাধারণ এ আয়োজন আমাদেরকে মুগ্ধ করেছে। পৃথিবীর জন্য বেশি বেশি বৃক্ষরোপণ করা সবার উচিত।
বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী বলেন, এমন উদ্যোগ নেয়ায় সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই। বাংলাদেশে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে।
"ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের" প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, সাদকায়ে জারিয়া ও পৃথিবীর ভারসাম্য রক্ষায় আমরা চেষ্টা করে যাচ্ছি। আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।