প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ১০:৩৭ এ.এম
বিশ্ব শিক্ষক দিবসে সম্মান, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হচ্ছে জাতির আলোকিত দিশারীদের

মাহাবুর রহমান মনি, বাগমারা
আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য— “শিক্ষকই ভবিষ্যতের নির্মাতা” (The teachers we need for the education we want)।
১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর ৫ অক্টোবর দিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে। শিক্ষাক্ষেত্রে শিক্ষক সমাজের অবদানকে স্মরণ, মূল্যায়ন ও তাঁদের মর্যাদা বৃদ্ধি করাই এ দিনের মূল উদ্দেশ্য।
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা ফুল ও শুভেচ্ছা বিনিময় করছেন। কোথাও কোথাও অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান।
বাগমারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আজ প্রিয় শিক্ষকদের হাতে ফুল তুলে দিয়ে জানিয়েছে শ্রদ্ধা। শিক্ষকরা বলেছেন— “শিক্ষকতা কেবল পেশা নয়, এটি এক মহৎ দায়িত্ব ও সমাজ গঠনের অঙ্গীকার।”
শিক্ষক দিবসের এই দিনে সমাজের সকল স্তরে শিক্ষকদের প্রতি সম্মান, মর্যাদা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কারণ একজন ভালো শিক্ষকই পারেন একটি প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নিতে, আর সেই প্রজন্মই গড়ে তোলে উন্নত ও মানবিক বিশ্ব।
Copyright © 2026 দৈনিক গ্রাম বাংলা ২৪. All rights reserved.