
গ্রাম বাংলা নিউজ ডেস্ক:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারা এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান সুসংহত করতে দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন।
নির্বাচনী দৌড়ে সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে একাধিক নাম উপজেলা চেয়ারম্যান পদের জন্য আলোচনায় রয়েছে। তাদের মধ্যে বিশেষভাবে আলোচিত হচ্ছেন মোঃ আবুল কালাম আজাদ। তিনি বাগমারা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ হবিবুর রহমান হল ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, রুনেশার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি হিসেবে বর্তমানে সক্রিয় রয়েছেন।
স্থানীয় ভোটারদের মতে, আবুল কালাম আজাদ রাজনীতিতে একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী। এই কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতন এলাকাবাসী তার পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেছেন। আসন্ন নির্বাচনে স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি এবং অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে প্রাধান্য দিয়ে প্রার্থীরা তাদের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরছেন।
তবে রাজনৈতিক দলগুলো এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা না করায় চূড়ান্ত পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বাগমারার সাধারণ ভোটারদের মাঝে প্রত্যাশা ও কৌতুহল বেড়েই চলেছে।