নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষেও মাঠপর্যায়ে প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাগমারায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এই বিপুল ভোটারের কাছে পৌঁছাতে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামী তাদের প্রার্থীর পক্ষে প্রায় ৬৫টির মতো প্রচারণা টিম গঠন করেছে। এসব টিম ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা এবং মতবিনিময় সভা পরিচালনা করছে। প্রচারণার অংশ হিসেবে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলার কার্যক্রমও দেখা যাচ্ছে।
প্রচারণায় পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের সঙ্গেও আলাদা ভাবে মতবিনিময় করা হচ্ছে। এছাড়া মাইকিংয়ের মাধ্যমে প্রার্থীর পরিচিতি ও নির্বাচনী বার্তা প্রচার করা হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী বলেন, “আমি বাগমারার মানুষের কাছে ন্যায়, সততা ও ইনসাফভিত্তিক রাজনীতির আহ্বান জানাচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি কল্যাণরাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।”
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাগমারায় প্রচারণার তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তে ভোটের হিসাব-নিকাশ নির্ভর করবে প্রার্থীদের মাঠপর্যায়ের কার্যক্রম ও ভোটারদের অংশগ্রহণের ওপর।