
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও কৃষিজমির মাটি কেটে বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
সোমবার (৪ মে) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার গনিপুর ইউনিয়নের কুমাড়নিতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, কৃষিজমির উর্বর টপসয়েল কেটে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি, ফলে কাউকে আটক বা শাস্তি প্রদান করা সম্ভব হয়নি।
এসময় অনুমতিবিহীনভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।
তিনি জানান, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।