বগুড়ায় ধারালো ছোরাসহ কিশোর গ্যাং এর সদস্য গ্রেফতার
গ্রামবাংলা নিউজ:
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার বিশেষ অভিযানে ধারালো ছোরাসহ এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ডিবির এসআই মোঃ জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে একটি চৌকস দল সদর উপজেলার বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকার ডোমের গড়স্থ পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ সিরাতুন্নবী ওরফে সিরাত (১৯) নামের ওই যুবককে আটক করে। তিনি মৃত আতিকুল ইসলাম বুলবুল ও মোছাঃ রাবেয়া বেগমের পুত্র।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির শয়নঘরের মেঝেতে তোষকের নিচ থেকে একটি লোহার তৈরি একপাশ ধারালো ছোরা উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ধৃত সিরাত এলাকায় একটি কিশোর গ্যাং গঠন করে চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে এর আগেও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন।
আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।