গ্রামবাংলা নিউজ:
আজ সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদনের দায়ে বগুড়ার সদর উপজেলার ফাপোর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এক গুড় কারখানায় যৌথ অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মোজাম্মেল মিয়া নামক এক ব্যক্তির তৈরি গুড়ে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার এবং খেজুরের রসের সঙ্গে চিনি মিশ্রণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া গুড় তৈরী ও সংরক্ষণে মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হয়।
এ সকল অপরাধে রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০/- টাকা আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি হাইড্রোজ ও চিনি মিশ্রিত প্রায় ৫০ কেজি ভেজাল গুড় জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানের সময় অভিযুক্ত ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অপকর্ম আর করবেন না মর্মে অঙ্গীকার করেন।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার কম্পিউটার অপারেটর আব্দুল কাদের এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী শরিফুল ইসলাম। পুরো অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস টিম।