গ্রাম বাংলা নিউজ :
বগুড়ার সোনাতলায় গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সোনাতলা উপজেলার নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রোপণকৃত আমন ধানের ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তেকানীচুকাইনগর ও পাকুল্যা ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ১৪ হেক্টর জমির আমন ধান পানিতে ডুবে গেছে। এসব এলাকায় কৃষকেরা গত মাসের শেষের দিকে আমন ধান রোপণ করেন। কিন্তু ধান রোপণের মাত্র ২০-২৫ দিনের মাথায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যার ফলে ফসল পানির নিচে তলিয়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, ক্ষতি শুধু এই দুই ইউনিয়নেই সীমাবদ্ধ নয়। উপজেলার মধুপুর, জোড়গাছা, সোনাতলা সদর, বালুয়া ও দিগদাইড় ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলেও ধান পানিতে ডুবে গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় কৃষকরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবারের বন্যা অনেকটা অপ্রত্যাশিতভাবে এসেছে। সময়মতো ধান রোপণ করেও এখন তারা ফসলহানির আশঙ্কায় দিশেহারা।