
গ্রাম বাংলা নিউজ:
বগুড়ার দুপচাঁচিয়া থানাধীন তালোড়া বাজারে খুনসহ সংঘটিত ডাকাতি মামলার ঘটনায় মূলহোতা জুয়েলসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় লুন্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১৭ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত্রি অনুমান ২টা ৩০ মিনিটের দিকে। দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকায় হিমু পোদ্দার আগরওয়ালা (৬২) এর বাড়িতে অজ্ঞাতনামা ৫/৭ জন ডাকাত প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের চাকুর ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং নগদ আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকা ও ৩টি মোবাইল ফোন লুট করে নেয়।
ডাকাতির সময় ভিকটিম বিমলা পোদ্দার (৬৫) কে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ভোর ৪টা ৩০ মিনিটের দিকে ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা যায়।
ঘটনার পরপরই বগুড়া জেলা পুলিশের ডিবি শাখার একটি টিম অভিযান পরিচালনা করে ঘটনার মূল হোতা জুয়েলসহ সহযোগী আসলাম, ইমরান ও রাজু — মোট ৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে লুন্ঠিত ৪৬,০০০ টাকার মধ্যে ১৩,০০০ টাকা, নিহত বিমলা পোদ্দারের ব্যবহৃত মোবাইল ফোনসহ মোট ২টি লুন্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে।
বগুড়া জেলা পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।