
গ্রাম বাংলা নিউজ ডেস্ক:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব ধরনের প্রচার-প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। নির্বাচনী আইন অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করার বিধান রয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী আর কোনো ধরনের জনসভা বা প্রচার চালাতে পারবেন না।
ভোটের দিনের সময়সূচি ও পদ্ধতি ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচন স্বচ্ছ ব্যালট বাক্সে এবং সনাতন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের ভোটগ্রহণ বাতিল করায় ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোটার ও প্রার্থীর পরিসংখ্যান এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে:
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন । মহিলা ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন
তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২২০ জন
মোট ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। ২ হাজার ৩৪ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বোচ্চ ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি।
ভোটকেন্দ্র ও নিরাপত্তা ব্যবস্থা ইসি সূত্রে জানা গেছে, সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে প্রায় ৮ লাখ নির্বাচনী কর্মকর্তার পাশাপাশি প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকছেন। এছাড়াও ৮১টি দেশি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
আসনভিত্তিক তথ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী লড়ছেন ঢাকা-১২ আসনে এবং সবচেয়ে কম মাত্র ২ জন প্রার্থী রয়েছেন পিরোজপুর-১ আসনে। ভোটার সংখ্যার দিক থেকে গাজীপুর-২ আসন সবচেয়ে বড় এবং ঝালকাঠি-১ আসন সবচেয়ে ছোট।
ইতোমধ্যেই দেশের অধিকাংশ জেলায় ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোতেও আজকের মধ্যে তা পাঠানোর কাজ শেষ হবে বলে জানিয়েছে ইসি।