
রিপন হোসেন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি,
নওগাঁর মান্দা উপজেলার চকউলী গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গবাদিপশুসহ চারটি কৃষক পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে উপজেলার চকউলী গ্রামের আনসার আলী, আফজাল হোসেন ও আফাজ উদ্দিন (মাস্টার)সহ চারজনের বাড়িতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একের পর এক ঘর গ্রাস করতে থাকে। ধারণা করা হচ্ছে, কোনো একটি বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পার্শ্ববর্তী বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের তীব্রতা এতই বেশি ছিল যে, ঘরে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য ও প্রয়োজনীয় কাগজপত্র বের করার সুযোগ পাননি ভুক্তভোগীরা। এই ঘটনায় সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, গোয়ালঘরে বাঁধা থাকা ৪টি গরু জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে।
আনসার আলী,আফজাল হোসেন ও আফাজ উদ্দিন (মাস্টার) এবং প্রতিবেশী আরও একজন। ভুক্তভোগীদের দাবি, ঘরবাড়ি ও গবাদিপশু হারিয়ে তাদের অন্তত কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
আগুন লাগার পরপরই গ্রামবাসী নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে আগুনের তীব্রতা এবং শুষ্ক আবহাওয়ার কারণে বসতবাড়িগুলো রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা ও আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে ততক্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়-সম্বল সব শেষ হয়ে যায়।
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহায়-সম্বল হারিয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। সরকারি ও বেসরকারি পর্যায় থেকে দ্রুত সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।