
রিপন হোসেন,
প্রতিনিধি, মান্দা (নওগাঁ)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চককামদেব বাজারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে 'প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশন'। আর্তমানবতার সেবায় নিবেদিত এই সংগঠনটির পক্ষ থেকে এলাকার শতাধিক পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
আসন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্যন্ত মানসম্মত ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্বাচন করা হয়েছিল। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল লাচ্ছা সেমাই, সয়াবিন তেল, চিনি, উন্নত মানের সাবান, মহিলাদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য লুঙ্গি।
ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক, সৌদি প্রবাসী মো: আল আমিন মৃধা-এর প্রত্যক্ষ নির্দেশনায় ও অর্থায়নে এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হয়। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোর এই দৃষ্টান্ত স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সভাপতি আল আমিন মৃধা বলেন,
প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগটি সফল করা সম্ভব হয়েছে মূলত সংগঠনের সকল সদস্যদের আন্তরিকতা ও ভালোবাসায়। ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের আর্থিক সহায়তা, অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক সহযোগিতার ফলেই আমরা আজ এই বড় আয়োজনটি সম্পন্ন করতে পেরেছি। প্রবাসের শত ব্যস্ততার মাঝেও নিজ শেকড় ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই পথচলা।
কোষাধক্ষ্য ও সেনাবাহিনী সদস্য মো: রুহুল আমীন বলেন, "প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশন সবসময়ই এলাকার অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের সামর্থ্যবানরা অসহায়দের পাশে দাঁড়ায়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।"
উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং স্থানীয় আদর্শ শিক্ষক মো: রেজাউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষকতা যেমন মানুষ গড়ার কারিগর, সমাজসেবা তেমনি সমাজ গড়ার হাতিয়ার। আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করেও দেশের মানুষের কথা ভোলেননি। এটি কেবল দান নয়, এটি ভ্রাতৃত্বের বন্ধন।"
সহ-সাংগঠনিক সম্পাদক মো: বকুল হোসেন মৃধা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "আমাদের সংগঠনের মূল শক্তিই হলো ঐক্য। সভাপতি আল আমিন মৃধা ভাইয়ের দিকনির্দেশনায় আমরা আজ শতাধিক পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমাদের এই সেবামূলক কার্যক্রম আরও বড় পরিসরে বিস্তৃত হবে।
ঈদ সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: আব্দুল সামাদ মৃধা। এছাড়াও সংগঠনের একঝাঁক নিবেদিতপ্রাণ সদস্য— মো: মোফাজ্জল হোসেন, মো: এনামুল, মো: হামিদুর হোসেন এবং ডাঃ সামসুল ইসলাম (বকুল) উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন।
উপহার পেয়ে চককামদেব ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের চোখেমুখে আনন্দের ছাপ দেখা যায়। তারা ফাউন্ডেশনের প্রবাসে থাকা সদস্যদের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। প্রবাসীদের কষ্টের উপার্জনে নিজ গ্রামের মানুষের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ সমাজ সংস্কারে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।