প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৬, ৩:০৩ পি.এম
ধানক্ষেতে মিলল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ

রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধরমপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আদিব আহনাফ ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (২ মার্চ) ভোরে স্থানীয় কৃষকেরা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) রাতে আদিব তার দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। উদ্বিগ্ন পরিবার রাতভর আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
পরিবারের দাবি, আদিবের পরনে থাকা প্যান্টের বেল্ট খুলে তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের মামা মো. মোকছেদ আলী বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যা। আমার ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কর্ণহার থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কর্ণহার থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
Copyright © 2026 দৈনিক গ্রাম বাংলা ২৪. All rights reserved.