নিজস্ব প্রতিবেদক:-
রাজশাহীর দুর্গাপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অটোচালক মাসুদ রানার বাড়িতে শান্তা (২৫) নামের এক তরুণী অনশনে বসেছে। বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধরমপুর শিলাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণী জেলার তানোর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি রাজশাহী শহরে বসবাস করেন।
এদিকে তরুণীর উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান অটোচালক মাসুদ। পরে স্থানীয়দের আশ্বাসে প্রায় চার ঘণ্টা পর অনশন প্রত্যাহার করে নিজ বাড়িতে ফিরে যান শান্তা।স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করা তরুণী শান্তা বলেন, ‘মাসুদের সাথে আমার অনেক দিনের প্রেমের সম্পর্ক। গত মে মাসের ১২ তারিখে আমরা বিয়ে করি।
এর পর থেকে স্বামী-স্ত্রীর মতো আমাদের চলাফেরা। এরই মাঝে আমার গর্ভে তার সন্তান চলে আসে। পরে আমাকে তার বাড়িতে তুলে নিতে বলি। সে নিয়ে যাব, যাচ্ছি বলে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সে। পরে কোনো কূল না পেয়ে আমি তার বাড়ির ঠিকায় এসে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করি।’
তবে মাসুদ রানার পরিবারের দাবি, তাকে আগেই ত্যাজ্যপুত্র করেছে তারা। এখন তার সাথে পরিবারের আর কোনো প্রকার সম্পর্ক নেই।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, মাসুদ রানা ইতোমধ্যেই বিবাহিত।তার ঘরে স্ত্রী ও সন্তান আছে। আজ এই মেয়েটিকে দেখে সন্দেহ হচ্ছিল। তার সাথে আরো দুজন মেয়ে এসেছিল। যদি তিনি বিয়ের দাবি নিয়েই আসবেন তাহলে তার সাথে আরো মেয়ে আসবে কেন। তাদের দেখে প্রতারকচক্র মনে হচ্ছে।
এদিকে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অনশনের বিষয়ে জানতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।