
আব্দুস সালাম ক্রীড়া প্রতিবেদক, বাগমারা
আজ ২১ জুলাই রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে মোহনপুর উপজেলা টাইব্রেকারে পুঠিয়া উপজেলা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
আজ মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা রাজশাহী জনাব আফিয়া আক্তার এর সভাপতিত্বে এনডিসি বিভাগীয় কমিশনার রাজশাহী জনাব খন্দকার আজিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিএম,(বার) উপ- মহাপুলিশ পরিদর্শক, রাজশাহী রেঞ্জ জনাব মোহাম্মদ শাহজাহান,পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জনাব মোহাম্মাদ আবু সুফিয়ান এবং পুলিশ সুপার রাজশাহী, জনাব ফারজানা ইসলাম।
আজকের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে প্রায় ২০ হাজার দর্শক রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ম্যাচটি বিকাল চারটায় শুরু হয়। খেলার শুরু থেকেই দুটি দল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা উপহার দিতে থাকে। খেলার পঁচিশ মিনিটের মাথায় উপজেলার এটাকিং মিডফিল্ডার ইসমাইলের দারুন হেডে মোহনপুর উপজেলা ১-০ গোলে এগিয়ে যাই। এরপর দুটি দলই গোল করার জন্য আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। কিন্তু কোন দলই গোলের দেখা না পেলে মোহনপুর উপজেলা ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দুই দল আরো প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফুটবল উপহার দিতে থাকে। এভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা অতিবাহিত হতে থাকে। খেলার ৬৫ মিনিটের মাথায় পুঠিয়ার রক্ষণ ভাগের খেলোয়াড় প্রনয়ের দারুণ হেডে পুঠিয়া উপজেলা গোল পরিশোধ করে।
দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত কোন দল আর গোল করতে না পারায় খেলায় ১-১ গোলে সমতা বিরাজ করে। ফলে খেলাটি টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে মোহনপুর উপজেলা ৫-৪ গোলে পুঠিয়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মোহনপুর উপজেলার পক্ষে গোলকিপার রায়হান একটি পেনাল্টি করেন।
ম্যাচের সেরা খেলো নির্বাচিত হন পুঠিয়া উপজেলার রক্ষণভাগের খেলোয়াড় প্রণয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার আজিম আহমেদ তার বক্তব্যে বলেন আমরা অসাধারণ ম্যাচ উপভোগ করেছি। আজকে মাঠে দর্শক দেখে তিনি অভিভূত হন। পুঠিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর এবং মোহনপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আজকের ম্যাচে জয়-পরাজয় যেটাই হোক শেষ পর্যন্ত ফুটবলের জয় হয়েছে। আজকের ফাইনাল ম্যাচে প্রায় ২০ হাজারের মতো দর্শক উপস্থিত ছিল। উপস্থিত দর্শকরা রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনের কথা জানান।
এই ধরনের ম্যাচে জয় পরাজয়ের থেকেও বড় হয়ে ওঠে খেলোয়াড়দের অদম্য মানসিকতা এবং দর্শকদের জন্য তৈরি হওয়া অসাধারণ অভিজ্ঞতা।