নিজস্ব প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে বড় ভাইয়ের লোহার রডের আঘাতে ছোট ভাই জিপু সরদার (২৯) খুন হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার লক্ষ্মিকুন্ডা ইউনিয়নের লক্ষ্মিকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের রিকাত সরদারের বড় ছেলে মনিরুল সরদার (৩৮) ও ছোট ছেলে জিপু সরদার (২৯) এর মধ্যে বাড়ি ও জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হাতাহাতি হতো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড বাকবিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে বড় ভাই মনিরুল লোহার রড দিয়ে ছোট ভাই দিপুর মাথায় আঘাত করে। দিপুও এসময় তার হাতে থাকা হাসুয়া দিয়ে বড় ভাইকে কোপ দিলে বড় ভাই মনিরুলের দুই হাত কেটে যায়।
গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকেই পরিবারের লোকজন এ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাঘার সন্নিকটে পৌঁছালে ছোট ভাই দিপু মৃত্যু বরণ করে। এসময় উল্লেখিত স্থান থেকে আহত বড় ভাই মনিরুলকে সিএনজি ভাড়া করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং নিহত ছোট ভাই দিপুর লাশ এ্যাম্বুলেন্সে করে লক্ষ্মিকুন্ডা নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চলছে।