নিজস্ব প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই
মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট। গত সোমবার
(৪ আগষ্ট) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার
(ভূমি) মাহমুদা সুলতানা তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং প্রত্যেকের ৫০ টাকা করে
জরিমানার আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের
কালাইকুড়ি গ্রামের আজিজুল হকের ছেলে মো: হুরাইরা (২১) ও সান্তাহার পাথরকুটা গ্রামের
বশির উদ্দিনের ছেলে মিলন হোসেন (৩৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, গত
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ
বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো: হুরাইরাকে ১০ পিস
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ও মিলন হোসেনকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হুরাইরাকে ৬ মাসের নিাশ্রম কারাদন্ড এবং মিলন
হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও উভয়কে ৫০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। ওইদিনই দন্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে
প্রেরণ করা হয়েছে।