নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের উদ্যোগে কোন্দা উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মো. আব্দুল বারী সরদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সঙ্গে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ডা. মো. আব্দুল বারী সরদারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আব্দুল বারী সরদার বলেন, “বাগমারার উন্নয়নই আমার প্রথম অঙ্গীকার। আমি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাগমারা গড়ে তুলতে চাই।” তিনি আরও বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে।” জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমীর মাস্টার মো. কামরুজ্জামান হারুন। তিনি বলেন, “নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারী সরদারের নেতৃত্বে বাগমারায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী। ঐক্য ও নৈতিক রাজনীতির মাধ্যমেই এলাকার টেকসই উন্নয়ন সম্ভব।”
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. অহিদুল ইসলাম বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্বই সমাজকে এগিয়ে নিতে পারে।”
বায়তুল মাল সম্পাদক মাওলানা মো. ইব্রাহিম আলী বলেন, “রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এছাড়াও বক্তব্য দেন ডা. মো. আলমগীর হোসেন, আউচপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মো. আইনুল হক, মাওলানা মো. মুর্তজা হুসাইন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. আল আমীন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মো. সাইফুল ইসলাম।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।